Banglacraft

জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও এফবিসিসিআই (FBCCI) এর যৌথ আয়োজনে ৪৬তম পরামর্শক কমিটি সভা অনুষ্ঠিত

গত ২৯ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) এর যৌথ উদ্যোগে ৪৬তম পরামর্শক কমিটি সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় বাজেট ২০২৬–২০২৭ প্রণয়নকে কেন্দ্র করে এ সভায় দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ এবং সভা সঞ্চালনা করেন এফবিসিসিআই-এর প্রশাসক জনাব মোঃ আব্দুর রহিম খান।
সারা দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। এই গুরুত্বপূর্ণ পরামর্শ সভা দেশের ব্যবসায়ীদের জন্য একটি অন্যতম বড় প্ল্যাটফর্ম, যেখানে তারা আসন্ন বাজেটকে সামনে রেখে তাদের দাবি-দাওয়া ও সুপারিশ তুলে ধরার সুযোগ পান। এবারের সভায় বিভিন্ন খাতের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা জোরালোভাবে নিজেদের মতামত উপস্থাপন করেন।
সভায় উপস্থিত মন্ত্রীদ্বয়ের বক্তব্য থেকে আসন্ন বাজেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে-
▪️বিনিয়োগ আকর্ষণে একটি বৃহৎ বাজেট প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
▪️বর্তমান প্রেক্ষাপটে কর হ্রাসের সম্ভাবনা সীমিত, তবে Ease of Doing Business উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে।
▪️সরকারের রাজস্ব আয়ের পরিধি বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে, যা ব্যক্তি পর্যায়েও বিস্তৃত হতে পারে।
▪️রপ্তানিমুখী শিল্প খাতে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে।
▪️সকলের জন্য ইউনিফাইড ট্যাক্স কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
▪️এলডিসি গ্রাজুয়েশন প্রসঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সময় বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে।
সভায় হস্তশিল্প খাতের প্রতিনিধিত্ব করেন বাংলাক্রাফট-এর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম। তিনি খাতটির বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদানের চেষ্টা করেন।
বাংলাক্রাফট মনে করে, এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ দেশের হস্তশিল্প খাতের উন্নয়ন, নীতিগত সহায়তা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0