দেশের প্রান্তিক কারিগরদের উৎপাদিত পণ্য সরাসরি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘বাংলাক্রাফট ই-কমার্স প্ল্যাটফর্ম’। ১ অক্টোবর ব্র্যাক ইউনিভার্সিটিতে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ। দেশীয় হস্তশিল্পের সার্বিক উন্নয়ন, পণ্য প্রদর্শন এবং গবেষণার লক্ষ্যে এদিন বিসিকের সাথে বাংলাক্রাফটের একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সরকারি পর্যায় থেকে বাংলাক্রাফটকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহম্মেদ, বিইউএফটি এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলমগীর হোসেন এবং এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক মো. আব্বাস আলী। এছাড়াও শিল্পের সাথে সরাসরি যুক্ত বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে কারুপণ্য রংপুর লিমিটেডের স্বত্বাধিকারী জনাব শফিকুল আলম সেলিম এবং বিডি ক্রিয়েশন এর সিইও মোস্তফা আহমেদ পিয়াস উপস্থিত থেকে আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
সমাপনী বক্তব্যে বাংলাক্রাফটের সম্মানিত প্রেসিডেন্ট মো. বেলাল হোসেন (সিআইপি) উপস্থিত সকল গুণীজনদের আন্তরিক ধন্যবাদ জানান। ঐতিহ্যের সংরক্ষণের পাশাপাশি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই খাতকে একটি টেকসই এবং সার্কুলার ইকোনমি মডেলে রূপান্তরিত করার ক্ষেত্রে এই প্ল্যাটফর্ম যুগান্তকারী ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
